চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় ভারতের অভ্যন্তরে রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি নামে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং একই গ্রামের রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা নিয়মিতভাবে সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশে এনে বেচাকেনা করতেন। শনিবার ভোরে তারা জীবননগরের মাধপখালী সীমান্ত দিয়ে শুন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের মাদকদ্রব্যসহ আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের অভ্যন্তরে মাদকদ্রব্যসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, আটক দু’জন বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হবে।
মিজানুর রহমান/রিফাত/