ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি যুবক।
বুধবার (১ এপ্রিল) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলিনগর গ্রামের রমজান মল্লিক, একই উপজেলার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ভালো কাজের আশায় দুই বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কেরালায় গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির আদালত তাদের এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। সাজাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা থানা থেকে তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, ‘ফেরতদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করেছি। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
নজরুল/এসজি/