ঝগড়ায় নয়, জানার মধ্যেই প্রকৃত সার্থকতা ও বিজয় নিহিত বলে মন্তব্য করেছেন ছারছীনা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
তিনি বলেন, ‘ইসলাম কেবল ইবাদতের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলাম মানুষকে পারস্পরিক আচরণ, সহমর্মিতা ও সত্য অনুসন্ধানের শিক্ষা দেয়।’
বৃহস্পতিবার (৯ মে) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি মুড়ায় অবস্থিত কোটবাড়ি খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ছারছীনা পীর। বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাদরাসা ময়দানে এ মাহফিল চলে।
তিনি বলেন, ‘দৈনন্দিন জীবনে মতের অমিল থেকে অনেক সময় ঝগড়ার সৃষ্টি হয়। তবে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো ঝগড়া এড়িয়ে চলা এবং সত্য জানার চেষ্টা করা।’
ছারছীনা পীর আরও বলেন, ‘সাময়িকভাবে কাউকে চুপ করিয়ে দেওয়াই প্রকৃত বিজয় নয়। ঝগড়া মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করে এবং অন্যের অন্তরে ঘৃণার জন্ম দেয়। এছাড়া ঝগড়া শয়তানের একটি অস্ত্র, যা ভাইয়ে-ভাইয়ে ও বন্ধুদের মাঝে দূরত্ব তৈরি করে।’
তিনি বলেন, ‘সর্বাবস্থায় জ্ঞান অন্বেষণই প্রকৃত বিজয়। ঝগড়া না করে কোনো বিষয় জানার বা বোঝার চেষ্টা করলে মানুষ ব্যক্তিত্ব ও জ্ঞানের-এই দুই ধরনের বিজয় অর্জন করতে পারে। সত্য জানাটাই হওয়া উচিত মূল উদ্দেশ্য, নিজেকে বড় প্রমাণ করা নয়।’
তিনি আরও বলেন, ‘ঝগড়ায় সাময়িক তৃপ্তি মিললেও আখিরাত ও মানুষের হৃদয়ে পরাজয় ঘটে। অন্যদিকে বিনয়ের সঙ্গে জানার চেষ্টা করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং মানুষের সম্মান অর্জিত হয়।’
মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা পীরের সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।
এসজি/