চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার এক মাদরাসার ১০ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসারই এক কিশোরের বিরুদ্ধে। ভুক্তভোগী মাদরাসা ছাত্রের মা থানায় অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার কিশোরের নাম আব্দুল্লাহ বিন হুমায়ুন (১৬)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু কোতোয়ালি থানার খলিফাপট্টি এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। গ্রেপ্তার কিশোর আব্দুল্লাহ (১৬) ওই মাদরাসার আবাসিক অংশে থাকতেন।
এজাহারে বলা হয়, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিতেন অভিযুক্ত। পরে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার বলাৎকার করা হয়। লোকলজ্জা ও ভয়ের কারণে শিশুটি বিষয়টি এতদিন গোপন রেখেছিল।
সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা শারমিন সুলতানা সোমবার (১১ মে) সকালে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৯ (১) ধারায় মামলা করে।
মামলার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই আশরাফ ছিদ্দিকী সহ একটি টিম খলিফাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে।
ইফতেখারুল ইসলাম/অন্তরা