নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলাকালে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ মে ) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রবেশের সময় ঠেলাঠেলি ও হট্টগোলের মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দর্শকরা। এ ঘটনায় নারী, শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য মাত্র একটি পকেট গেট ব্যবহার করায় শুরু থেকেই অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়। হাজারো দর্শক একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আহত হন। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দর্শকদের অভিযোগ, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রবেশ ও বের হওয়ার পথে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল সীমিত। এই সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। এ ঘটনায় দর্শকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনের আগে পর্যাপ্ত নিরাপত্তা, একাধিক প্রবেশপথ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অনুষ্ঠান স্থলে উপস্থিত সাংবাদিক আসাদুজ্জামান রিপন বলেন, অনুষ্ঠানে প্রবেশের জন্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এ সময় আমি সহ বেশ কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করি। কিছুক্ষন পর দেখি আমার মোবাইলটি নেই। তাৎক্ষণিক গেইটে থাকা পুলিশকে জানাই। জানানোর পর পুলিশের সাথে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এ সময় ৬জন সাংবাদিক সহ অন্তত ৪০-৪৫ জন মোবাইল চুরির ঘটনা পুলিশকে অবহিত করে। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিল। প্রবেশ গেইটে এত হট্টগোল হচ্ছে দেখেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন। পাশাপাশি হয়তো চোরচক্র এই অনুষ্ঠানে ডুকে পড়েছে। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মুঠোফোন হারিয়ে যাওয়ার কথা জেনেছি। তবে কেউ থানায় রিপোর্ট করলে তাদের মুঠোফোন উদ্ধারের চেষ্টা করা হবে।
শাওন খন্দকার/আমান