শিশু রামিসাসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। প্রজ্জলিত গোপালগঞ্জ ও গোপালগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে আলাদাভাবে এসব কর্মসূচী পালন করেন আন্দোলনকারীরা।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় পৌর পার্কের শহিদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর রামিসা”, “নীরবতা নয় প্রতিবাদ হোক শক্তি”, “নারীর মর্যাদা রক্ষায় সবাই এক হই”, “আমার বোন কবরে ধর্ষক কেন বাইরে” এমন বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয়।
অন্যদিকে, একই দাবিতেতে বিকেলে গোপালগঞ্জের সর্বস্তরে জনগনের ব্যানারে জেলা শহরের চৌরঙ্গীর কেরামত প্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তরুণরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকার গোলচত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ধর্ষকের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে জুরবায়ের খান, শেখ ডালিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নেই। প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে নারী ও শিশুরা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। কিন্তু সরকার দোষীদের গ্রেপ্তার করে কোনো
শাস্তির ব্যবস্থা করছে না। ফলে বিচারহীনতার করণে এমন ঘটনা ঘটছে। এখন আর বিচার নয় অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার সময় হয়ে এসেছে। দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বাদল সাহা/নাঈম