বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে মাঠ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে শহরের জেলা জজকোর্ট-সংলগ্ন দিঘির পূর্ব পাশের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
জানা গেছে, সকালে কয়েকজন পথচারী মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন করে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি শহরে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা এক মানসিক ভারসাম্যহীন নারীর হতে পারে। যাকে প্রায়ই পুলিশ সুপারের কার্যালয় ও আদালতপাড়া এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। তার মাথার চুল কাটা ছিল এবং অনেক সময় অস্বাভাবিক আচরণ করতেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি দীর্ঘদিন ধরে ওই এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী চলাফেরা করতেন। মরদেহটির গঠন ও চেহারার সঙ্গে তার মিল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। তদন্তের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত না হলে সরকারি ব্যবস্থাপনায় অথবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় দাফনের ব্যবস্থা করা হবে।
মহিউদ্দিন অপু/অমিয়/