সিলেটে শিশু ফাহিমাকে ধর্ষণ ও হত্যা নিয়ে আলোচনার রেশ কাট না কাটতেই এবার মাদকসেবন করিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সিলেট রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে রেল স্টেশন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় রেল পুলিশ ওই শিশুকে উদ্ধার করে। পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশ এই ঘটনায় জড়িত যুবককে মঙ্গলবার সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
শিশুকে ধর্ষণের ঘটনায় আটককৃত ব্যক্তির নাম লোদন (৩৫)। তিনি রেল স্টেশন এলাকার বসবাস করতেন এবং মাদকসেবী বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোদন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকে। মঙ্গলবার ভোররাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে লোদন ওই মেয়েকে ভুল বুঝিয়ে নিজের সাথে নিয়ে যায়। প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে এবং পরে ধর্ষণ করে। স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরবর্তীতে রেল পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত ওই ১২ বছরের শিশুটি ভবঘুরে। এই ঘটনায় যে অভিযুক্ত সে মাদকসেবী এবং মানসিক বিকারগ্রস্ত। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাকিলা ববি/এসএন