আগমী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন সোমবার (২ জুন) দেশের প্রধান পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে ডিএসইতে বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে সূচক ও লেনদেন কমেছে।
ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১০১টির। আর ৮৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যেও ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৩৫ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেনে হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২২ লাখ টাকার। ৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি।
ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফাইন ফুড, মালেক স্পিনিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং ওরিয়ন ইনফিউশন।
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৮ প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৫৬ লাখ টাকা।
দর বৃদ্ধি: সোমবার লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে ফার্মা এইডস লিমিটেডের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩৫ টাকা বা ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে, যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ২২ শতাংশ। আর ৬ দশমিক ৭৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দেশ গার্মেন্টস। এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এম এল ডাইং, সাউথইস্ট ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক এবং আইসিবি।
দর পতন: সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পাটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের দর কমেছে ৫ দশমিক ৭ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে পিপলস লিজিং, সোনারগাঁও টেক্সটাইল, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আনলিমা ইয়ার্ন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
সোমবার ডিএসই ওয়েব সাইটে বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড জানিয়েছে, কোম্পানিটির উৎপাদন কার্যক্রম আগামী ১৬ আগস্ট পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, দেশের বস্ত্রখাতের আর্থিক অবস্থায় বিদ্যমান অস্থিরতা, উদ্বেগ এবং স্থানীয় বাজারে কাঁচামালের উচ্চ মূল্যের কারণে কর্তৃপক্ষ কারখানার উৎপাদন আরও আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের ১৮ ফেব্রুয়ারি সাফকো কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ২ মাসের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই বছরের জুন মাসে কোম্পানিটি জানিয়েছিল, ১ জুলাই তারা ফের উৎপাদন শুরু করবে। তবে বাস্তবে সেটি হয়নি। এর মধ্যে ডিএসইর একটি পরিদর্শক টিম কারখানা পরিদর্শন করে সেটি বন্ধ পেয়েছে। এ তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ ও প্রচার করা হয়েছে।