চলমান এই দ্রুতগতির বিশ্বে, আজকের নারীর জন্য সুযোগগুলো যেমন বিস্তৃত তেমনি সেই সুযোগের সঙ্গে যথাযথভবে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জও অনেক। কিছু কিছু দক্ষতা আপনার নিজেকে সীমিত সম্ভাবনার জীবনবোধ থেকে সীমাহীন সম্ভাবনার দৃষ্টিতে দেখার অনুভূতি দিতে পারে। তেমনই কিছু উল্লেখযোগ্য আচরণিক এবং কারিগরি দক্ষতা নিয়ে লিখেছেন উন্নয়নকর্মী রাজিয়া সুলতানা
যোগাযোগ দক্ষতা
ঢাকা স্কুল অব কমিউনিকেশন, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মতো সংস্থাগুলো পাবলিক স্পিকিং, নেগোসিয়েশন এবং আন্তব্যক্তিক যোগাযোগের কোর্স করিয়ে থাকে।
সময় ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতা
ঘুড়ি লার্নিং, স্পোকলার্ন, লার্নিং বাংলাদেশসহ বেশকিছু প্রতিষ্ঠান অনলাইনে উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনা দক্ষতার উন্নতির জন্য বিশেষ কোর্স এবং সেমিনার প্রদান করে থাকে।
নেগোসিয়েশন বা আলোচনার দক্ষতা
বাংলাদেশে উইমেন ইন লিডারশিপ, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটসহ বেশকিছু প্রতিষ্ঠান অনলাইন-অফলাইন উভয় মাধ্যমে আলোচনা এবং দ্বন্দ্ব সমাধানের ওপর ফোকাস করে প্রশিক্ষণ সেশন অফার করে থাকে।
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা
ব্র্যাক ব্যাংক বিশেষভাবে নারীদের জন্য ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি’ প্রোগ্রাম অফার করে, যেখানে ব্যাংকিং, সঞ্চয় এবং বিনিয়োগের মূল বিষয়গুলো আলোচনা করা হয়।
বিদেশি ভাষার দক্ষতা
নিজের পছন্দ অথবা প্রয়োজনের সঙ্গে মিল রেখে বিদেশি ভাষা শিখতে পারবেন ঢাকার অলিয়ঁস ফ্রঁসেজ, গোটে ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কাউন্সিলসহ কয়েকটি ইনস্টিটিউট থেকে। এ ছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ভাষা শিক্ষা কোর্স করিয়ে থাকে।
স্কুটি এবং ড্রাইভিং দক্ষতা
ব্র্যাক ড্রাইভিং স্কুলের মতো বেশকিছু প্রতিষ্ঠান নারীদের জন্য বিশেষ ড্রাইভিং কোর্স অফার করে থাকে। এই কোর্সগুলো শুধু কারিগরি দক্ষতা নয়, নিরাপদে রাস্তা চলাচলে আপনার প্রয়োজনীয় জ্ঞান, তথ্য এবং আত্মবিশ্বাসকে ফোকাস করে ডিজাইন করা হয়ে থাকে। একইভাবে, হিরো বাংলাদেশের স্কুটি ট্রেনিং একাডেমি সারা দেশে নারীদের জন্য ব্যাপক প্রশিক্ষণ সেশন প্রদান করে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ডিজিটাল লিটারেসি এবং অনলাইন দক্ষতা
বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বিডিজবস ট্রেইনিং, ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, জিনেক্স ইনফোসিস এ ক্ষেত্রে বেশ পরিচিত কয়েকটি সংস্থা, যারা প্রাথমিক কম্পিউটার সাক্ষরতা থেকে শুরু করে উন্নত ডিজিটাল মার্কেটিং পর্যন্ত সব কিছুর ওপর কর্মশালা অফার করে থাকে।
গ্রাফিক ডিজাইন
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট গ্রাফিক ডিজাইনের ব্যাপক কোর্স অফার করে, যার মধ্যে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনের মতো টুলসগুলো অন্তর্ভুক্ত।
ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে পেশাদার প্রশিক্ষণ প্রদান করে থাকে। এ ছাড়া বিভিন্ন অনলাইন কোর্সের অফার সোশ্যাল মিডিয়া স্ক্রল করে খুব সহজেই পেয়ে যাবেন।
বৃত্তিমূলক প্রশিক্ষণ
ইউসেপ বাংলাদেশ ইলেকট্রনিক্স, পোশাক তৈরি এবং আইটি প্রশিক্ষণসহ নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক কোর্স অফার করে। একইভাবে বেসরকারি সংস্থা নারী মৈত্রী শহর ও গ্রামাঞ্চলে নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিও অফার করে।
প্রাথমিক চিকিৎসা এবং ইমার্জেন্সি রেসপন্স
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিনিয়ত প্রাথমিক চিকিৎসা এবং ইমার্জেন্সি রেসপন্স প্রশিক্ষণ কোর্স করিয়ে থাকে।
তারেক