গোপনাঙ্গে সংক্রমণ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ২৮ বছরের যুবক আতিকুর রহমান। কিন্তু রোগীর অনুমতি ছাড়াই তার গোপনাঙ্গ কেটে বাদ দিয়ে দেন চিকিৎসক। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
ভারতের অসমের কাছারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ ওঠেছে বলে জানিয়েছে এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবর, মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দা আতিকুর রহমান গত ১৯ জুন গোপনাঙ্গে গুরুতর সংক্রমণের কারণে কাছারে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিকভাবে তার বায়োপসি টেস্ট করার পরামর্শ দেন চিকিৎসক।
আতিকুরের অভিযোগ, তিনি বায়োপসি করাতে রাজি হয়ে যান। কিন্তু বায়োপসি করাতে গিয়েই নাকি তার গোটা গোপনাঙ্গ কেটে বাদ দিয়ে দেওয়া হয়। অস্ত্রোপচারের সময় তাকে বেহুঁশ করে দেওয়া হয়েছিল। অস্ত্রোপচার শেষে যখন তার জ্ঞান ফেরে, তিনি দেখতে পান তার গোপনাঙ্গ গায়েব হয়ে গেছে। এ নিয়ে চিকিৎসককে প্রশ্ন করলে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
এই ঘটনার পর রোগী থানা গিয়ে চিকিৎসক ও হাসপাতালের নামে মামলা করেন। এই ঘটনার রীতিমতো মুষড়ে পড়েছেন রোগী।
আতিকুর একটি জাতীয় সংবাদমাধ্যমকে বলেন, এই ঘটনার পরে বারবার তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি ফোন ধরেননি।
আতিকুরের আরও অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকে তার গোপনাঙ্গ নানা সমস্যাও দেখা দিচ্ছে। এই মুহূর্তে তিনি কী করবেন, তা বুঝতে পারছেন না। চিকিৎসকের গাফিলতিতে তার জীবন শেষ গেল বলে দাবি করছেন রোগী।
এই ঘটনায়র যথোপযুক্ত বিচার দাবি করছেন আতিকুর। তার অনুরোধ, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যেন এই বিষয়টিতে হস্তক্ষেপ করে দ্রুত সুবিচারের বন্দোবস্ত করেন।
অমিয়/