সাহিত্য চর্চায় নবীনরাও পিছিয়ে নেই। এবারের চট্টগ্রাম অমর একুশে বইমেলায় নবীন লেখকদের বইও পাঠকদের নজর কাড়ছে। নামি-দামি লেখকদের সঙ্গে তাদের বইও বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে। পাঠকরাও কিনছেন নবীনদের বই।
মেলা প্রাঙ্গণে কথা হয় অধ্যক্ষ আবু তালেব বেলালের সঙ্গে। নবীন লেখক প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে আমাদের সন্তানরা মোবাইল ফোন-কম্পিউটারের সবচেয়ে বেশি সময় কাটাচ্ছে, সেখানে কিছু ছাত্রের বই মেলায় এসেছে। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমাদের নতুন প্রজন্ম আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করার পাশাপাশি সাহিত্য চর্চাও অব্যাহত রেখেছে। তাদের দিয়েই আমাদের ভবিষ্যৎ সাহিত্য সমৃদ্ধ হবে।’
মেলা প্রাঙ্গণে কথা হয় দুইজন নবীন লেখকের সঙ্গে। তাদের একজন মোহাম্মদ ইয়াসির বিন তালেব ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং বিষয়ে স্নাতকের ছাত্র। তিনি ইয়াসির আবরার নামেই লেখালেখি করেন। অন্যজন আবদুর রহমান জোনাইদ। তিনি এবার চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে এম এ পাস করেছেন। তার লেখা কবিতার বইয়ের নাম ‘রঙিন মনে প্রতিচ্ছবি।’
‘শ্রেয়সী’ বইয়ের লেখক ইয়াসির আবরার তার বই প্রসঙ্গে বলেন, ‘প্রেম একটি ছোট্ট শব্দ, কিন্তু গভীরতা অসীম। প্রেমের প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকে আনন্দ, স্মৃতি, বেদনা এবং সেসব মুহূর্তের মায়াবী ছোঁয়া আমাদের হৃদয়কে স্পর্শ করে। এই বইটি সেই প্রেমের এক মায়াবী প্রতিচ্ছবি, যেখানে কবিতার প্রতিটি শব্দে লুকিয়ে আছে আবেগের গল্প। এই বইটি শুধু একটি কবিতার সংকলন নয়; এটি একটি বাস্তবতা। এর আবেগময় যাত্রা আমাদের হৃদয়ের গভীরে নিয়ে যাবে। কবিতার প্রতিটি ছত্রে লুকিয়ে থাকা কষ্ট, আনন্দ, আশার কথা আপনাকে ভাবতে বাধ্য করবে। এখানে প্রেমের ভাষা শুধু কথায় সীমাবদ্ধ নয়, বরং তার রূপ, রং এবং ছন্দে প্রকাশিত হয়েছে।’
‘রঙিন মনে প্রতিচ্ছবি’ বইয়ের লেখক জোনাইদ খবরের কাগজকে জানান, বইটি কোনো একটি সুনির্দিষ্ট বিষয়বস্তুর ওপর লেখা হয়নি। নানা সময়, নানা বিষয়ে নিয়ে তিনি কবিতা লিখেছেন। নানা সময়ের নানা পরিস্থিতির প্রতিচ্ছবি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। এটি তার প্রথম প্রকাশিত বই।
প্রথম বইয়ের প্রকাশের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, এটা তার কাছে ঈদের মতোই আনন্দের। কোনো পাঠক পড়ে একটু সন্তোষ প্রকাশ করলেই তিনি আনন্দ পান। এটা বলে বুঝানো সম্ভব নয়। আরো আনন্দের বিষয় হলো, তার বই এবারের মেলায় বেশ ভালো বিক্রি হচ্ছে।