ছবি: খবরের কাগজ
জামালপুরে পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৯ জুন) রাতে শহরের ফৌজদারী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আসামীরা হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার মো. শরিফুল ইসলাম শিশির (২৭) ও পিটিআই মোড় এলাকার মো. রকিবুল ইসলাম রকিব (৩৮)।
পুলিশের সূত্রে জানা গেছে, পুলিশে চাকরি দেওয়ার নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ২৫ লক্ষ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে তাদের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্লাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করে।
পরে চাকুরি প্রতাশী কাফি আল সাকিব সিয়াম ও তার পরিবারের সন্দেহ হলে বিষয়টি জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে অবহিত করা হয়। তারপর ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গতকাল রাতে শহরের ফৌজদারী মোড় থেকে প্রতারণার সাথে জড়িত দুইজনকে আটক করে।
গ্রেপ্তাররে সময় আসামীদের কাছ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর একটি স্বাক্ষরিত ব্লাংক চেক, ৬টি স্বাক্ষরিত ব্লাংক চুক্তি সম্পাদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি প্রদানের নামে সম্পাদিত কথিত চুক্তিপত্র এবং প্রতারণামূলক কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।
পরে আজ শনিবার (২০ জুন) জামালপুর সদর থানায় একটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট (এএসআই) নিরস্ত্র পদে নিয়োগ সম্পূর্ণরূপে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদবির, আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই ।’
আসমাউল /রুমি/