প্রবন্ধ : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।
মজলুম, কারারুদ্ধ, প্রতিবাদ, অনাড়ম্বর, মোহ, আত্মসমর্পণ, নিপীড়িত
উত্তর: মজলুম- মওলানা ভাসানী মজলুম জননেতা ছিলেন।
কারারুদ্ধ- অন্যায়ের প্রতিবাদ করায় মওলানা ভাসানী কারারুদ্ধ হয়েছিলেন।
প্রতিবাদ- মওলানা ভাসানী জমিদারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করেছিলেন।
অনাড়ম্বর- মওলানা ভাসানী অনাড়ম্বর জীবনযাপন করতেন।
মোহ- প্রকৃত দেশপ্রেমিক খ্যাতির মোহে আকৃষ্ট হন না।
আত্মসমর্পণ- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে।
নিপীড়িত- কাজী নজরুল ইসলাম তার কবিতায় নিপীড়িত মানুষের কথা বলেছেন।
প্রশ্ন: পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কী?
উত্তর: ১৯৭০ সালে মওলানা ভাসানী পল্টন ময়দানে ভাষণ দেন। ওই ভাষণে তিনি যা বলেছিলেন, তার বিষয়বস্তু ছিল তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি স্বৈরাচারী সরকারের শোষণ।
আরো পড়ুন : মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রবন্ধের ৬টি বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: শিক্ষার ক্ষেত্রে মওলানা ভাসানী কী অবদান রেখেছেন?
উত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। তবে এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তার অবদান অনেক। শিক্ষা প্রসারের জন্য তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মুহম্মদ মহসীন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: মওলানা ভাসানীর জীবন থেকে তুমি কী শিখতে পেরেছ?
উত্তর: মওলানা ভাসানী একজন মজলুম জননেতা ছিলেন। তিনি আমাদের গর্ব। তার জীবন থেকে আমি যা শিখতে পেরেছি, তা নিচে তুলে ধরা হলো-
মওলানা ভাসানী আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন।
তাই তার জীবন থেকে আমি শিখেছি কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। তিনি এ দেশের কৃষক-শ্রমিক-মজুরের পক্ষে সবসময় কথা বলেছেন। এটি আমাকে এই শ্রেণির মানুষের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে। আমি শিখেছি কীভাবে মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়াতে হয়।
এত বড় নেতা হওয়া সত্ত্বেও তার সহজ, সরল, সাধারণ জীবনযাপন থেকে আমি বিলাসিতা, আরাম ত্যাগ করতে অনুপ্রাণিত হয়েছি। শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ আমাকে শিক্ষাবিস্তারে কাজ করায় অনুপ্রাণিত করেছে। সর্বোপরি তার জীবন থেকে আমি প্রগাঢ় দেশপ্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার শিক্ষা পেয়েছি।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর