পঞ্চম অধ্যায় : স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: স্বল্পমেয়াদি ঋণে সাধারণত জামানত প্রয়োজন হয় না কেন?
উত্তর: এক বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদি ঋণ বলে।
স্বল্পমেয়াদি অর্থায়নে সাধারণত জামানতের প্রয়োজন হয় না। এরূপ ঋণ ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্প সময়ের জন্য গ্রহণ করা হয়। ব্যবসায় ঋণ, বকেয়া খরচ, ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ, বাণিজ্যিকপত্র, ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ, লেনদেন ঋণ, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি স্বল্পমেয়াদি অর্থায়নের অন্যতম উৎস, যেখানে কোনো জামানতের প্রয়োজন হয় না। মূলত স্বল্পমেয়াদি অর্থায়নে অর্থের পরিমাণ তুলনামূলক কম এবং স্বল্প সময়ের জন্য এরূপ ঋণ গ্রহণ করা হয় বিধায় স্বল্পমেয়াদি অর্থায়নে সাধারণত জামানতের প্রয়োজন হয় না।
প্রশ্ন: ব্যবসায় ঋণের খরচ কে বহন করে?
উত্তর: ব্যবসায় ঋণের খরচ ক্রেতা, বিক্রেতা বা উভয়ই বহন করতে পারে।
বিক্রেতা নিজেই ঋণের খরচ বহন করতে পারে অথবা পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে ক্রেতার ওপর ব্যবসায় ঋণের খরচ চাপিয়ে দিতে পারে। তাছাড়া ঋণের খরচের সম্পূর্ণ মূল্য দিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি না করে আংশিক ব্যয় পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত করতে পারে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ঋণের ব্যয়ভার বহন করে।
প্রশ্ন: চলতি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের নগদ মজুত পণ্য ও প্রাপ্য বিল ব্যবস্থাপনাকে বোঝায়।
প্রতিষ্ঠানের চলতি ব্যয়; যেমন- কাঁচামাল কেনা, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন। বাকিতে বিক্রির ফলে সৃষ্ট প্রাপ্য বিল দ্রুত আদায় হচ্ছে কি না সেটা যেমন লক্ষ রাখা প্রয়োজন তেমনি মজুত পণ্যের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে কি না সেটাও লক্ষ রাখা দরকার। আবার প্রয়োজনের অতিরিক্ত মজুত পণ্য রাখলে অধিক পরিমাণ নগদ অর্থ মজুত পণ্যে বা চলতি সম্পদে আটকে থাকে। ফলে মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়। এসব কারণে চলতি সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর