আনন্দ-উচ্ছ্বাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দলোক উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্কুলের হলরুমে এ অনুষ্ঠান হয়।
প্রধান শিক্ষক মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. হাসিবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন স্কুল কমিটির সভাপতি আলহাজ মো. নুরুল আমিন।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে ফুল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হাসিবুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো বিষয় প্রথমে মনোযোগ দিয়ে শুনবে এবং স্মরণ রাখার চেষ্টা করবে। পড়ার পাশাপাশি খেলা ও বিনোদন থাকতে হবে। বাবা-মা ও শিক্ষকদের আদেশ মেনে চলবে। তবেই সফলকাম হবে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিদিন আপনার সন্তান স্কুল থেকে নতুন কী শিখল–সেই খবর নেবেন। সন্তানকে সময় দেবেন। বন্ধুসুলভ আচরণ করবেন। তাদের মনে সৃজনশীলতার বীজ বপনের বড় দায়িত্ব আপনাদেরই। এক কথায় সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের প্রচেষ্টা আবশ্যিক।’
প্রধান শিক্ষক মো. আকতারুজ্জামান অভিভাবকদের বলেন, ‘সন্তানকে পড়তে বসিয়ে দিয়ে আপনি নিজে মোবাইল ফোন বা টিভি দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন–তা করা যাবে না। সন্তানকে আওয়াজ করে পড়তে বলবেন। পড়ার কাজে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। তবে সেটি নজরদারিতে রাখবেন।’
সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান হাওলাদার, অভিভাবক সদস্য আফরোজা আক্তার, অভিভাবকদের পক্ষে সাংবাদিক হুমায়ুন কবির তমাল প্রমুখ।