উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ঢাকা মাতাতে আসছেন। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আয়োজন করেছে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এই চ্যারিটি কনসার্ট। আর এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। ইতোমধ্যেই শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। সেখানে রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য ছাড়! এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।
এই চ্যারিটি কনসার্টের জন্য ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নেবেন না সেনাবাহিনী। এবার জানা গেল, এই কনসার্টটির আয়োজনের দিনে (২১ ডিসেম্বর) যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। অনুষ্ঠানের দিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি প্রবেশ করতে পারবে যানবাহন। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।
এদিন যানজট নিরসনে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় গেট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।
জানা গেছে, কনসার্টের দিন ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লিখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
এই কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও জনপ্রিয় দেশী ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে রয়েছে র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনা। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
/আবরার জাহিন