জহির ও সুমি বলতে গেলে বাটপার কাপল। তারা নানাভাবে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে। এই যেমন রাস্তার পার্ক করা কোনো বাইক চুরি করার জন্য। সেই বাইককে নিয়ে জহির ও সুমি এমনভাবে সিনক্রিয়েট শুরু করে যে পাবলিক নিজেরা উপযাজক হয়ে সেই বাইকটা জহির ও সুমিকে পিকাপে তুলে দেয়। পরে দেখা যায় বাইকটা আসলে ওদের ছিলই না, ছিল অন্যকারও।
একদিন জহির ও সুমি উপযাজক হয়ে কারও উপকার করতে গিয়ে ধরা খেয়ে যায়। কারণ তারা না বুঝে এক চোরের উপকার করেছিল। পরে সিসিটিভি ফুটেজে জহির ও সুমি চোর সাব্যস্ত হয়। আর এই ভিডিও পুরো ভাইরাল হয়ে যায়। নিজেদের ইমেজ বাঁচাতে তারা নিজেদের গৃহবন্দি করে ফেলে। কিন্তু পার পায় না। নানা প্রয়োজনে তাদের বাহিরে যেতে হয় আর পুলিশের দৌড়ানি খেতে হয়। তাদের এই সিচুয়েশনটা নিয়ে ব্ল্যাকমেইল করে তাদেরই বিল্ডিংয়ের দারোয়ান। সবকিছু বিবেচনা করে জহিররা পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়।
তারা পুলিশের কাছে গেলে জানতে পারে আসল চোর ধরা পড়েছে। জহিররা নির্দোষ। জহিররা খুশি হয় কিন্তু তাদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন আসে যে, তারা যে পথটা বেছে নিয়েছে বেঁচে থাকার জন্য, সেই পথটা আসলে সুখকর না। এভাবে বাটপারি করে বেশি দিন বেঁচে থাকা যায় না। তাই তারা পুলিশের কাছে সবকিছু স্বীকার করে শাস্তি পাওয়ার সিদ্ধান্ত নেয়- এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’।
অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি এবং আরও অনেকে। ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ নাটকটি বড়দিন উপলক্ষে আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।
হাসান