বলিউডের কিং খান নামেই ডাকা হয় শাহরুখ খানকে। অনেকের মতে, এই অভিনেতা হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় তারকা। এবার বাস্তব জীবনের মতোই বড় পর্দায়ও কিং হয়ে হাজির হতে যাচ্ছেন এই সুপারস্টার। শাহরুখ খানের পরবর্তী সিনেমার নাম ‘কিং’। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গ্লোবাল ভিলেজে একটি ইভেন্টে যোগ দেন এই অভিনেতা। সেখানেই নিজের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের সামনে কথা বলেন তিনি।
এ বছরেই ৬০ বছরে পা দেবেন বলিউড বাদশাহ। মঞ্চে বক্তৃতায় নিজের বয়স নিয়ে মজা করে এই অভিনেতা বলেন, ‘এই বছরে আমার বয়স ৬০ বছর হবে। যদিও আমি এখনো দেখতে ৩০ বছরের মতো, কিন্তু সমস্যা হলো কিছু কিছু জিনিস আমি এখন মনে রাখতে পারি না।’
পরে শাহরুখ তার আসন্ন ছবি ‘কিং’ সম্পর্কে কথা বলেন, ‘এখানে সিনেমার শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরে যাব। সেখানেও এর শুটিং হবে। এই সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব কঠোর, যিনি ‘পাঠান’-এরও পরিচালক ছিলেন। তিনি আমাকে নতুন সিনেমা সম্পর্কে কারও সঙ্গে কথা বলতে নিষেধ করে দিয়েছেন। তাই আমি এর চেয়ে বেশি কিছু আপনাদের বলতে পারছি না, তবে এতটুকু বলতে পারি, আপনারা ‘কিং’ দেখে অনেক বিনোদন পাবেন। খুব ভালো লাগবে আপনাদের। আমার সিনেমায় এখন পর্যন্ত এত বেশি শিরোনাম ব্যবহার করা হয়েছে যে, আমাদের শিরোনামের ভান্ডার ফুরিয়ে গেছে। তাই একটু শো অফ হলেও এবার শাহরুখ খানই রাজা হিসেবে ফিরবে।’
মঞ্চে কিং খান তার বেশ কিছু সিনেমার ডায়ালগ এবং গানের তালে নেচে ভক্তদের আনন্দ দেন। এমনকি কয়েকজন ভক্তকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে কথাও বলেন তিনি।
শাহরুখের আসন্ন ‘কিং’ সিনেমায় তার মেয়ে সুহানা খান এবং অভিনেতা অভিষেক বচ্চনও অংশ নেবেন বলে জানা গেছে।
হাসান