লাক্স তারকার প্রসূন আজাদ। একসময়ের ব্যস্ত অভিনেত্রী তিনি। কিন্তু শোবিজকে বিদায় জানিয়ে পুরোদস্তুর সংসারী হয়েছেন এই তারকা। শোবিজে কাজ না করলেও সোশ্যাল মিডিয়ায় সব সময় সরব তিনি। এবার তাই ব্যক্তিগত জীবনের নতুন এক সুখবর জানালেন প্রসূন। দ্বিতীয়বারের মতো মা হলেন এই লাক্স সুপারস্টার। গত ২৭ জানুয়ারি পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ।
এর আগে ২০২২ সালে প্রথম পুত্রসন্তানের মা হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি জানিয়ে প্রসূন বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহান গাফফারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রসূন আজাদ। ফারহান গাফফারের সঙ্গে প্রসূন আজাদের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে নাম লেখান প্রসূন আজাদ। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’। এ ছাড়া অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।
হাসান