রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার (৩১ জানুয়ারি) ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় অসুস্থ হয়ে পড়েন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। মঞ্চে উঠে গান গাইতে গাইতে তিনি লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমীনের মেয়ে বাঁধন। তিনি বলেন, ‘মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে শঙ্কামুক্ত। মায়ের সঙ্গে কথা হয়েছে। এখন তিনি ভালো আছেন।’ তিনি আরও বলেন, আনুমানিক রাত ৮টার দিকে স্টেজে গান গাওয়ার সময় হঠাৎ মায়ের মাথায় হালকা ব্যথা শুরু হয়। তখনই মাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মায়ের চিকিৎসা চলছে।
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গানের পাখি বলা হয় তাকে। বাংলাদেশের গানের জগতের উজ্জ্বল এক নক্ষত্র তিনি। প্রায় চার দশক ধরে সংগীতের ভুবনে তার সগর্ব বিচরণ। ধ্রুপদি, লোকসংগীত থেকে আধুনিক বাংলা গানসহ চলচ্চিত্র মিশ্র আঙ্গিকের সুর, যেখানেই হাত দিয়েছেন সেখানেই যেন সোনা ফলেছে। শুধু দেশের গানেই তার যে অবদান, তা দিয়েই তিনি এই বাংলার বুকে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।