মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে চোট পেয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তবে শাহরুখের চোটের মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনাটি কবে ঘটেছে তা জানা যায়নি। আহত হওয়ার পর শাহরুখকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । চিকিৎসকেরা তাকে একমাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শাহরুখ ঠিক কোথায় আঘাত পেয়েছেন, সেটা জানা যায়নি।
অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানায়, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন শাহরুখ।
আরেকটি সূত্র জানায়, শাহরুখের চোট খুব গুরুতর নয়। গত কয়েক বছরে বেশ কয়েকটি অ্যাকশন সিনেমা করতে গিয়ে নানা সময়ে আহত হয়েছেন তিনি। এ ঘটনার পর সব মিলিয়ে চেকআপের জন্য তিনি যুক্তরাষ্ট্র যাবেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটির পরবর্তী অংশের শুটিং হবে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে। সিনেমাটিতে আছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খানও। এ ছাড়া খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
মেহেদী/