গত এপ্রিলে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ বন্ধ হয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে এবার নতুন সিজন ‘বিগ বস ১৯’ এর ঘোষণা এসেছে। পাশাপাশি আলোচনা তৈরি হয়েছে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানের পারিশ্রমিক নিয়েও।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৫ সপ্তাহের জন্য ১২০ থেকে ১৫০ কোটি রুপি নেবেন সালমান। প্রতি সপ্তাহের জন্য তার পারিশ্রমিক ৮-১০ কোটি রুপি।
যদিও এবারের নতুন সিজনের বাজেট আগের তুলনায় কম। এর আগে ‘বিগ বস ওটিটি ২’ এর জন্য সালমান নিয়েছিলেন ৯৬ কোটি রুপি। অন্যদিকে এ শো এর ১৭ ও ১৮তম সিজনের জন্য তিনি পেয়েছিলেন যথাক্রমে ২০০ ও ২৫০ কোটি রুপি।
শোনা যাচ্ছে, নতুন অনুষ্ঠানটি চলবে টানা ৫ মাস। যেখানে প্রথম ৩ মাস সঞ্চালনা করবেন সালমান খান। তারপর ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে দেখা যাবে সঞ্চালনায়।
যদিও প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। তার মধ্যেও যেসব নামের গুঞ্জন উঠেছে তার মধ্যে রয়েছে গৌতমী কাপুর, গৌরব তানেজা, মি. ফয়জু, ধনশ্রী ভার্মা, ধীরাজ ধোপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, অপূর্বা মুখিজা, পুরভঝা, গৌরব খান্না ও মিকওভার খানের নাম।
এ ছাড়া নতুন সিজনে অনেক চমক থাকবে বলে জানা গেছে। বলা হচ্ছে, অনুষ্ঠানে একটি সিক্রেট রুমও থাকবে। মনোনয়ন প্রক্রিয়াতেও অনেক চমক রয়েছে। চলতি বছর প্রতিযোগীরা নয়, বরং দর্শকরাই প্রতিযোগীদের মনোনীত করবেন।
মেহেদী/