জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’, যেখানে গায়কের সঙ্গে অভিনয় করেছেন মালাইকা। আর এ নিয়েই এখন তীব্র সমালোচনার মুখে এই বলিউড তারকা।
সম্প্রতি প্রকাশিত হানি সিংয়ের নতুন এই মিউজিক ভিডিওতে মালাইকাকে নাচতে দেখা গেছে। ভিডিওর বিভিন্ন দৃশ্যে কখনো তাকে চুইংগাম চিবাতে, কখনো আবার জিভ বের করে নাচতে দেখা যায়। এই দৃশ্যগুলো নিয়েই মূলত বিতর্কের জন্ম দিয়েছে। অনেক দর্শকের কাছেই এগুলো ‘অশালীন’ মনে হয়েছে।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন, নাচের মধ্যে অশ্লীলতা ছাড়া আর কিছু নেই। কেউ কেউ আবার বলিউডে আগের আইটেম গানগুলোতে কাজ করা সেই পুরনো মালাইকা অরোরাকে মিস করছেন বলেও উল্লেখ করছেন। ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’ গানের মতো সেই মান মালাইকা বজায় রাখতে পারেননি বলে তার ভক্তরা মনে করছেন।
উল্লেখ্য, মূলত ভিডিওতে ব্যবহৃত নাচের ধরনকে ‘টোয়ার্কিং’ বলা হয়; যেখানে নিতম্বের নড়াচড়া দিয়ে ছন্দ তৈরি করা হয়। অনেক দর্শকই বলেছেন, এই ধরনের নাচে কোনো স্বাচ্ছন্দ্য নেই। তাই মালাইকার পারফরম্যান্স দেখতেও ভালো লাগেনি। ভিডিওতে তার পারফর্মেন্স অস্বস্তিকর ছিল।