দক্ষিণী ও বলিউড সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাকে নিয়ে নতুন গুঞ্জন, প্রথমবারের মতো তেলেগু তারকা রবি তেজার সঙ্গে টলিউডের একটি সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিচালক শিব নির্বাণার পরবর্তী ছবির জন্য দুজনের মধ্যে আলোচনাও চলছে। তবে এখনো কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
দক্ষিণের সংবাদমাধ্যম ১২৩তেলুগু প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সামান্থা রুথ প্রভু এবং রবি তেজা বর্তমানে একই ছবিতে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে, ছবিটি পরিচালনা করবেন ‘কুশি’খ্যাত নির্মাতা শিব নির্বাণা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং ছবির সঙ্গে সংশ্লিষ্টরাও কোনো মন্তব্য করেননি।
সামান্থাকে সবশেষ রাজ-ডিকে পরিচালিত ও বরুণ ধাওয়ান অভিনীত ‘সিটাডেল: হানি বানি’-তে দেখা গিয়েছিল। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি এই তারকা হরর-কমেডি ‘সুভম’ ছবির মাধ্যমে সম্প্রতি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। এই সিনেমাতেও স্বল্প সময়ের জন্য একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন সামান্থা। এদিকে, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে ২০২৫ সালজুড়ে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
বর্তমানে অভিনেত্রী তার আসন্ন অ্যাকশন-ড্রামা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি তার ও রাজ নিদিমোরুর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। ইতোমধ্যে সামান্থার জন্মদিনে প্রকাশিত পোস্টারে হাতে শটগানসহ ভয়ংকর এক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে রাহি অনিল বারভে পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এও দেখা যাবে তাকে।
অন্যদিকে, রবি তেজা বর্তমানে কাজ করছেন কিশোর তিরুমালা পরিচালিত নতুন একটি ছবিতে। এতে রবি তেজার সঙ্গে অভিনয় করছেন ডিম্পল হায়াথি ও আশিকা রঙ্গনাথ। এই অভিনেতাকে সর্বশেষ অ্যাকশন ড্রামা ‘ম্যাস জথারা’তে দেখা গিয়েছিল।
/এমএস