ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন তিনি। সেখানেও জায়েদ খান বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন। পাশাপাশি উপস্থাপনা ও অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। এবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা গেল জায়েদ খানকে। গত শুক্রবার রাতে একটি ফেসবুক পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দেন এই অভিনেতা।
পোস্টারে দেখা যায়, জায়েদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি। পোস্টটি শেয়ার করে জায়েদ খান লিখেছিলেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’
এরপর থেকেই জায়েদ খানের পোস্ট ঘিরে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। ঠিক কিসের জন্য জোহরান মামদানি হাত রেখেছেন জায়েদের কাঁধে। এটা নিয়ে তৈরি গুঞ্জন ও কৌতূহল। অবশেষে কৌতূহলের জট খুলেছেন জায়েদ খান নিজেই। যুক্তরাষ্ট্র থেকে তিনি গণমাধ্যমকে জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এর নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা ঘিরে নির্মিত এই সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় পর্বটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
এ সম্পর্কে জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি, এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।’
তিনি আরও বলেন, ‘অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন।’
প্রথমে জোহরান মামদানি এবং জায়েদ খানের পোস্টারটি সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন আমেরিকা প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তার এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে।