ভিয়েতনামের টাইফুন ইয়াগির আঘাতের পর বন্যা ও ভূমিধসে ৬৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।
ইয়াগির ফলে বন্যাদুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধারকর্মীরা কাজ করছেন।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত প্রায় ৭৫২ জন আহত হয়েছেন।
আবহাওয়াবিদদের মতে, ৩০ বছরের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।
শনিবার (৭ সেপ্টেম্বর) ঘন্টায় ১৪৯ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে ইয়াগি। এতে বেশ কয়েকটি সেতু ভেঙে যায়, বেশ কিছু ভবন ছিন্ন-বিচ্ছিন্ন এবং বহু কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশের উত্তরাঞ্চলের মানুষ এখন ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে।
থাই নগুয়েন ও ইয়েন বাই শহরের কিছু অংশে একতলা বাড়িগুলো মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় সম্পূর্ণ ডুবে গেছে। বাসিন্দারা সাহায্যের জন্য ছাদে অপেক্ষা করছেন।
হ্যানয়ের কাং হা বা কাই নদী হিসেবে পরিচিত রেড রিভারের তীরবর্তী এলাকা আংশিকভাবে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
নদীর কাছাকাছি বসবাসকারী ৫০ বছর বয়সী বাসিন্দা ফান থি তুয়েত জানান, তিনি এর আগে কখনো এত বেশি পানি দেখেননি।
তিনি বলেন, ‘আমি সব হারিয়েছি, আমার সব শেষ হয়ে গেছে। আমাদের জীবন বাঁচাতে আমাকে উচু ভূমিতে আসতে হয়েছে। আমরা সঙ্গে কোনো আসবাবপত্র আনতে পারিনি। এখন সবকিছুই পানির নিচে।’ সূত্র: বিবিসি
ইসরাত চৈতী/অমিয়/