যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস আনুষ্ঠানিকভাবে দখলে নিলো ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, হাউজের দখল নিতে নূন্যতম কোটা পূরণ করেছে রিপাবলিকান পার্টি।
মোট ৪৩৫ আসনের মধ্যে অন্তত ২১৮টি আসনে জিতলে হাউজের প্রাধান্য পাওয়া যায়। বুধবার (১৩ নভেম্বর) দিনের শেষভাগে ২১৮ আসন পূরণ করার মাধ্যমে ৬০তম নির্বাচনে ‘ট্রাইফ্যাক্টা’ অর্জন করলো ট্রাম্পের দল।
এ জয়ের পর হাউজের স্পিকার ও রিপাবলিকান সদস্য মাইক জনসন বলেন ‘আমরা ঐক্যবদ্ধ আছি। আমেরিকাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।’
এই জয়ের মাধ্যমে কংগ্রেসের দুই চেম্বারেই সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেলো রিপাবলিকান পার্টি। সরকারের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে রিপাবলিকান নেতাদের মতামতই প্রাধান্য পাবে।
এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিনেটে আধিপত্য নিশ্চিত করে দলটি। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্ দখলের মাধ্যমে ট্রাইফ্যাক্টা অর্জন করলো তারা।
দেশের অর্থনীতি, অভিবাসনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ব বজায় থাকবে বলে ধারণা করছেন অনেকেই।
তবে ডেমোক্র্যাটদের কর্তৃত্ব তুলনামূলক কম হলেও ব্যবধান বেশি না হওয়ায় কোনো প্রশাসনিক নীতিমালা বাস্তবায়বনের ক্ষেত্রে রিপাবলকানদের কিছুটা বেগ পেতে হবে।
এদিকে ক্ষমতার প্রথম ১০০ দিনের মধ্যেই দেশের নীতিমালার ব্যাপক পরিবর্তন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ফেরত পাঠানো পাশাপাশি , ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত বেশ কিছু সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করার বিষয়ে স্পষ্ট ব্যক্তব্য দেন তিনি।
ট্রাম্প সমর্থিত বিচার বিভাগের কারণে আইনিভাবে ডেমোক্র্যাটরা খুব একটা সুবিধা করতে পারবেনা বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০২৬ এর মিডটার্ম নির্বাচনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণ ক্ষমতা উপভোগ করবে ট্রাম্প ও তার দল রিপাবলইকান পার্টি। সূত্র: বিবিসি
নাইমুর/অমিয়/