প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলীয় এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিমে। এর কেন্দ্র ছিল ৪৩ কিলোমিটার গভীরে।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের কারণে সমুদ্রে বড় ঢেউ তৈরি হয়েছে। এতে ভানুয়াতুর কিছু উপকূলীয় এলাকায় এক মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়াও ফিজি, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালুসহ অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে স্বাভাবিক জোয়ারের পানির উচ্চতা এক ফুট পর্যন্ত বাড়তে পারে, এমন পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
তাওফিক/অমিয়/