মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যে ২০২৪ সালের শেষে ‘স্পেডেক্স মিশন’ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এর ফলে ভারত মহাকাশে দুটি উপগ্রহ বা মহাকাশযানের ডকিং (লোড ও আনলোড) করার প্রযুক্তি অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে। মহাকাশযানের ডকিং এমন একটি একটি দক্ষতা, যা এখন পর্যন্ত বিশ্বের তিনটি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে রয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে স্পেডেক্স মিশন সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। এর ফলে ভারত ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করল। এসব তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ভারতের স্পেডেক্স মিশন বা স্পেস ডকিং পরিচালনার উদ্দেশ্য হচ্ছে দুটি মহাকাশযানের আন্তঃসংযোগ, চাপ পরীক্ষা এবং পুনরায় আলাদা করার প্রক্রিয়া পরীক্ষা করা; মহাকাশযানের মধ্যে শক্তি বিনিময় করা; মহাকাশ গবেষণা এবং ভবিষ্যতে এর সাহায্যে চন্দ্রাভিযান পরিচালনা করা।
এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন ‘ভারতীয় অন্তরীক্ষ মহাকাশ স্টেশন’ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই মিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মহাকাশে ডকিং একটি জটিল ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দুটি মহাকাশযান একটি ‘চেজার’ এবং অন্যটি ‘টার্গেট’ একসঙ্গে এসে নিরাপদে সংযুক্ত হয়। ইসরোর স্পেডেক্স মিশনে এসডিএক্স-১ (চেজার) এবং এসডিএক্স-২ (টার্গেট) নামক দুটি মহাকাশযান ব্যবহার করা হয়েছে। প্রতিটি ২২০ কিলোগ্রাম ওজনের।
পৃথিবীর কক্ষপথে উচ্চগতিতে চলমান এই যানগুলো একে অপরের সঙ্গে ডকিং করবে। যা ভবিষ্যৎ মহাকাশ মিশন এবং মহাকাশ স্টেশন নির্মাণের জন্য এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অর্জনের মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সক্ষমতা অর্জন করবে।
স্পেডেক্স মিশনটি পিএসএলভি-সি ৬০ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। যা দুটি মহাকাশযানকে পৃথিবী থেকে ৪৭৫ কিমি উচ্চতায় একটি নিম্ন-কক্ষপথে স্থাপন করে এবং পৃথিবীর দিকে ৫৫ ডিগ্রি কোণে নির্দেশিত। উৎক্ষেপণের পর ২৪ ঘণ্টার মধ্যে যান দুটি একে অপর থেকে ২০ কিমি দূরে সরে যাবে।

এদিকে আগামী বছরের জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে ইসরোর বেঙ্গালুরু মিশন কন্ট্রোল ডকিং প্রক্রিয়া পরিচালনা করবে। এই মিশন সফল হলে এটি ভারতের জন্য একটি যুগান্তকারী প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে চিহ্নিত হবে।
এই মিশন ভবিষ্যতে ভারতের পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান (আরএলভি) ডকিং করার সক্ষমতা অর্জনে সাহায্য করার পাশাপাশি মহাকাশ স্টেশন নির্মাণের ভিত্তি স্থাপন করবে।
স্পেডেক্স মিশনটি ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সফল হলে ভারত হবে তৃতীয় দেশ, যারা স্বাধীনভাবে মহাকাশ স্টেশন পরিচালনা করবে। সূত্র: এনডিটিভি
তাওফিক/