ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা হামাস-ইসরায়েল যুদ্ধের বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হতে চলেছে। গাজার কেন্দ্রস্থল শহর রাফাহ ছাড়তে শুরু করেছে ইসরায়েলি সেনারা।
রবিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল-জাজিরা।
কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও যুদ্ধবন্দি মুক্তিবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এর বিপরীতে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই গাজার দক্ষিণের শহর রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করছে ইসরায়েলি বাহিনী। একই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তে ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছেন ইসরায়েলি সেনারা।
আল- জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ‘সামরিক যানবাহনসহ গাজার কেন্দ্র থেকে ইসরায়েলি সেনারা ফিরে যাচ্ছে।’
এদিকে যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগেই খান ইউনুসের হামলা চালিয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন। তিনি জানান, এই যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী। দ্বিতীয় পর্যায়ের শর্ত পূরণ না হলে আবারও গাজায় হামলা চালাবে তেলআবিব। সূত্র: আল-জাজিরা/রয়টার্স
তাওফিক/