মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এখন বাড়ির কাছাকাছি। অরবিটাল হাবে ৯ মাস অবস্থানের পর আজ মঙ্গলবার সকালে তারা ড্রাগন মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রওনা দিয়েছেন। দীর্ঘ ১৭ ঘণ্টা পর তারা পৃথিবীতে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।
নাসা তাদের লাইভ আপডেটে জানায়, ক্রু-৯ মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময়) মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন (আনডক) করে ফেলা হয়। নাসা মহাকাশযানটির মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি ভিডিও শেয়ার করেছে।
গত ১৫ মার্চ দুই নভোচারীকে ফিরিয়ে আনতে ইলন মাস্কের স্পেসএক্স তাদের ফ্যালকন-৯ রকেটের উপরে ড্রাগন মহাকাশযানটি উৎক্ষেপণ করে।
সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, দুজনই সাবেক নৌবাহিনীর পাইলট। গত বছরের ৫ জুন তারা আট দিনের মিশনে বোয়িং স্টারলাইনারের প্রথম ক্রু ফ্লাইটে অরবিটাল ল্যাবে পৌছান। পরে স্টারলাইনারের ক্যাপসুলটির যান্ত্রিক সমস্যার কারণে সেখানে তারা আটকা পড়েন। গত সেপ্টেম্বরে ক্রু ছাড়াই এটি পৃথিবীতে ফিরে আসে।
অবশেষে ১৭ ঘণ্টা যাত্রা শেষে আজ রাত ৩টা ৫৭ মিনিট (বাংলাদেশ সময়) নাগাদ ফ্লোরিডা উপকূলে ক্যাপসুলটি এটির প্যারাস্যুটের মাধ্যমে সমুদ্রে অবতরণ করবে। এরপর একটি জাহাজ ক্যাপসুল থেকে চার মহাকাশচারীদের স্থলে নিয়ে আসবে।
সুনীতা উইলিয়ামস এবং উইলমোরের ৯ মাস মহাকাশে অবস্থানের সময়কাল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠ স্থানে রয়েছে। এর আগে একজন ফ্লাইট সার্জন ফ্রাঙ্ক রুবিও ২০২৩ সালে ৩৭১ দিন মহাকাশে কাটান। রাশিয়ান মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভেরও বিশ্ব রেকর্ড রয়েছে। তিনি রাশিয়ার সাবেক মহাকাশ স্টেশন মির-এ ৪৩৭ দিন কাটিয়েছিলেন।সূত্র: নাসা এবং এনডিটিভি
দিনা/অমিয়/