পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ১০৮ জন নেতাকর্মীকে ২০২৩ সালের সামরিক বাহিনী বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা দলটির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত এসব সাজা ঘোষণা করে। রায়ে ছয়জন পিটিআই সংসদ সদস্যকে তাদের আসন থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে।
২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন ইমরান খান। এরপরই দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়, যার জেরে সরকার পিটিআইয়ের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন শুরু করে। গত দুই বছরে এর আগেও বহু নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
সর্বশেষ এই রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে পিটিআই বলেছে, “পাকিস্তানের বিচার ইতিহাসে এ এক লজ্জাজনক অধ্যায়, যেখানে কেবলমাত্র ইমরান খানের রাজনৈতিক আদর্শ, গণমানুষের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক লড়াইয়ে সমর্থন দেওয়ার কারণে সংসদের উভয় কক্ষের বিরোধী নেতাদের সাজা দেওয়া হলো।”
দলটি আরও জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন তারা।
ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফি বুকারি ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে বলেন, “গণতন্ত্রের জন্য এটি একটি কালো দিন। বিরোধী নেতাদের একের পর এক সাজা দেওয়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শুভ লক্ষণ নয়। এটি পাকিস্তানের ইতোমধ্যেই ভঙ্গুর গণতন্ত্রকে আরও বিপন্ন করবে।”
আন্তর্জাতিক ক্রিকেট তারকা থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। যদিও এখনো পাকিস্তানে তিনি বিপুল জনপ্রিয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে শুরু করে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ ১৫০টিরও বেশি মামলা চলছে, যেগুলো তিনি ও তার সমর্থকেরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
২০২৩ সালের ৯ মে তার গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১০ জন নিহত হন। ইমরানপন্থী হাজার হাজার বিক্ষোভকারী সরকারি ভবন ও সামরিক স্থাপনায় হামলা চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালায় এবং দলে দলে পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তার করে।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে পিটিআই প্রার্থীরা স্বতন্ত্রভাবে অংশ নিয়ে সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। দলটির দাবি, এটি পাকিস্তানের গণতন্ত্রকে আরও দুর্বল করেছে। সূত্র: বিবিসি