মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন বর্তমানে কিউবার সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন কাউকে খুঁজছে, যারা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করে কিউবার কমিউনিস্ট শাসনকে হটিয়ে দিতে আগ্রহী।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে যে, কিউবার জন্য ট্রাম্প প্রশাসনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নাই। তবে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক হওয়ার ঘটনাটিকে কিউবার জন্য একটি সতর্কবার্তা এবং ব্লুপ্রিন্ট হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা ইতোমধ্যে মিয়ামি এবং ওয়াশিংটন ডিসিতে কিউবান প্রবাসী ও নাগরিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন, যাতে কিউবা সরকারের ভেতর থেকে এমন কাউকে খুঁজে পাওয়া যায় যিনি চুক্তি করতে আগ্রহী।
ট্রাম্প সরাসরি কিউবাকে হুমকি দিয়ে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি তাদের জোরালোভাবে পরামর্শ দিচ্ছি যে খুব দেরি হওয়ার আগেই যেন তারা একটি চুক্তি করে ফেলে।’
তবে সিডনি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডেভিড স্মিথ আল-জাজিরাকে বলেছেন, হোয়াইট হাউস হয়তো কিউবা সরকারকে পতনের ব্যাপারে ‘অতিরিক্ত আশাবাদী’। তিনি ইরানের উদাহরণ টেনে বলেন যে, ট্রাম্প এর আগেও ভেবেছিলেন কেবল হুমকির মুখেই হয়তো কোনো দেশের সরকার নতিস্বীকার করবে, কিন্তু বাস্তবে সেসব শাসনব্যবস্থা অনেক বেশি দমনমূলক ও শক্তিশালী প্রমাণিত হয়েছে।
সাবেক ওবামা প্রশাসনের কর্মকর্তা রিকার্ডো জুনিগা মনে করেন, কিউবার নেতৃত্বকে হারানো ভেনেজুয়েলার চেয়েও অনেক বেশি কঠিন হবে। ১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বাধীন কিউবান সরকারকে উৎখাত করা মার্কিন রাজনীতিকদের জন্য এক দীর্ঘকালীন স্বপ্ন। এর আগে ১৯৬২ সালের ‘বে অব পিগস’ আক্রমণ এবং কাস্ত্রোকে হত্যার বহু চেষ্টা ব্যর্থ হয়েছে।
বর্তমানে ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো কিউবান বংশোদ্ভূত কট্টর সমালোচকরা রয়েছেন। স্মিথের মতে, ট্রাম্পের কাছে আমেরিকার এত কাছে একটি কমিউনিস্ট সরকারের টিকে থাকা একটি বড় অপমান ও চ্যালেঞ্জের বিষয়। উল্লেখ্য, কানাডা ও মেক্সিকোর পর সবচেয়ে কাছের প্রতিবেশী হলো কিউবা। মাত্র ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এ দেশটি এখনো কমিউনিস্টদের অধীনে শাসিত হচ্ছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
মাহফুজ/নাঈম