ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছে। এর প্রতিশোধ হিসেবে, ইরান উপসাগরীয় দেশগুলিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রও ইরানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার ইরান দেশটির নিরাপত্তাপ্রধান আলি লারিজানি এবং বাসিজ ফোর্স কমান্ডার গোলামরেজা সোলেমানি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরান মধ্য ইসরায়েলে আরও হামলা চালিয়েছে, এতে রামাত গানে অন্তত দুজন নিহত এবং দেশটির মধ্যাঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ ভোরে হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে একাধিক ৫ হাজার পাউন্ডের ডিপ পেনিট্রেটর বোমা নিক্ষেপ করেছে।
চলমান ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত বুধবার (১৮ মার্চ) ১৯তম দিনে প্রবেশ করেছে। যুদ্ধের লাইভ আপডেট পড়ুন-
জ্বালানি অবকাঠামোতে হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে তারা বলেছে, শত্রুপক্ষ দক্ষিণাঞ্চলে ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামোর একাংশে হামলা চালিয়েছে। আগেও সতর্ক করা হয়েছিল, যদি যুক্তরাষ্ট্র-ইসরায়েল আমাদের দেশের জ্বালানি, শক্তি, গ্যাস এবং অর্থনৈতিক অবকাঠামোতে আক্রমণ করে, তবে শত্রুর বিরুদ্ধে শক্তিশালী পাল্টা আক্রমণের পাশাপাশি আমরা সেই আগ্রাসনের উৎসেও ভয়াবহ আঘাত হানব।
বিবৃতিতে তারা আরও বলেছে, আমরা আগ্রাসনকারী দেশগুলোর জ্বালানি ও গ্যাস অবকাঠামোকে আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছি এবং এর কঠোর প্রতিশোধ নেব।
৩ দেশের জ্বালানি স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইরানের
উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনার আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
পাঁচটি জ্বালানি স্থাপনাগুলো হলো- সৌদি আরবের সামরেফ শোধনাগার, আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও মাসাইদ হোল্ডিং কোম্পানি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-হোসন গ্যাস ক্ষেত্র ও কাতারের রাস লাফান শোধনাগার।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কেন্দ্রগুলো এখন থেকে আমাদের প্রত্যক্ষ ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে।’
এতে আরও বলা হয়, ‘স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে এই এলাকাগুলো ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে: ইসরায়েল
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ইরানের হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লক্ষ্যবস্তু এলাকার বাসিন্দাদের মোবাইলে ফোনে বার্তা পাঠিয়ে সতর্ক করা হয়েছে এবং হুমকি মোকাবিলা না হওয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে: ইসরায়েল
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ইরানের হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লক্ষ্যবস্তু এলাকার বাসিন্দাদের মোবাইলে ফোনে বার্তা পাঠিয়ে সতর্ক করা হয়েছে এবং হুমকি মোকাবিলা না হওয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের গ্যাস স্থাপনায় ইসরায়েলি হামলা
ইরানের বুশেহরে গ্যাস স্থাপনায় যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণ উপকূলীয় পার্স ক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।
ইসরায়েলি গণমাধ্যমগুলো স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে গ্যাস অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে।
গোয়েন্দামন্ত্রীর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিহত হয়েছেন
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবের সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তেহরানে বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহত হওয়ার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘অভিযান চলাকালীন তার মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্মূল করা হয়েছে’।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেনাবাহিনী বলেছে, খাতিবকে নির্মূল করার মধ্য দিয়ে ইরানে ‘কয়েক ডজন শীর্ষ কমান্ডার’ নিহত হয়েছেন, যাকে তারা তাদের ‘গুপ্তহত্যা ধারাবাহিকতার’ অংশ হিসেবে বর্ণনা করেছে। - আল-জাজিরা
বৈরুতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত
লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, মধ্য বৈরুতের বাস্টা ও জুকাক আল-ব্লাত এলাকায় হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। -এএফপি
ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে তিনি বেঁচে আছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হামলার পর তার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কেউ। পরিস্থিতি এখনো মূল্যায়নাধীন।
গাজায় ইসরায়েলের বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত
ইসরায়েল একযোগে ইরান ও লেবাননে হামলা চালানোর পাশাপাশি গাজায় গণহত্যাও অব্যাহত রেখেছে।
বুধবার (১৮ মার্চ) সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ চুক্তিতে পৌঁছানোর পর থেকে ৬৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ হাজার ৮০০ জন আহত হয়েছেন।
লোরেস্তান প্রদেশে হামলায় নিহত বেড়ে ৭, আহত ৫৬
ইরানের লোরেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) তাসনিম সংবাদসংস্থার বরাত দিয়ে প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় দরুদ শহরের আবাসিক, বেসামরিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় সাতজন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন।
এর আগে তাসনিম জানিয়েছিল, লোরেস্তান প্রদেশের চেগেনি অঞ্চলের গ্রামীণ এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন।
ইরানে লোরেস্তান প্রদেশে হামলায় চারজন নিহত
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে হামলায় চারজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) লোরেস্তান প্রদেশের উপ-নিরাপত্তা প্রধান জানিয়েছেন, চেগেনি অঞ্চলের গ্রামীণ এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় চারজন নিহত ও আটজন আহত হয়েছেন।
তেহরানে কমান্ড সেন্টার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা
তেহরানে ইরানের কমান্ড সেন্টার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার তেহরানে ইরানের কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অন্যান্য অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে।
সেনাবাহিনী দাবি করেছে, হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড কেন্দ্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) চিকিৎসকরা এ তথ্য জানান।
এছাড়া, জাতীয় রেল কোম্পানি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুজনের মৃত্যুর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
ইসরায়েল পুলিশের মুখপাত্র ডিন এলসডান বলেছেন, তেল আবিবের ঠিক বাইরে অবস্থিত শহর রামাত গানে একটি আবাসিক ভবনে ক্লাস্টার বোমা আঘাতে তারা নিহত হয়েছেন। -এএফপি
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
লেবাননে ইসরায়েলের হামলায় আরও ৪ জন নিহত
লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও চারজন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের হামলায় ৯১২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেকা উপত্যকার সাহমার শহরে চারটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
হরমুজ প্রণালীর পাশে বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ
হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রথম বড় পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে একাধিক ৫ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী কয়েকটি বোমা দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিকটবর্তী ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।