বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষিত করা ভারতের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয় বলে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া এবং জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকাকে অব্যাহত সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।
মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার সীমান্ত বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার পাওয়ার মতো বিষয়। আমরা বিষয়টিকে এভাবেই দেখি।
দুই দেশের বর্তমান কূটনৈতিক অবস্থা তুলে ধরে জয়সওয়াল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি ইতিবাচক দিকে এগোচ্ছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেছেন এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেছেন। এই উচ্চপর্যায়ের সফরগুলোই বর্তমান সম্পর্কের সঠিক গতিপথ নির্দেশ করে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে মুখপাত্র জানান, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানির অনুরোধ পাওয়ার পর ভারত তা সফলভাবে সরবরাহ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় জ্বালানি সরবরাহ করছে ভারত। মরিশাসের সঙ্গেও এ নিয়ে আলোচনা চলছে।
অবৈধ অভিবাসন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের 'জিরো টলারেন্স' নীতির বক্তব্যের প্রেক্ষিতে জয়সওয়াল জানান, বিষয়টি দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনার একটি অংশ। এ ছাড়া ভারতে থাকা ২ হাজার ৮৬০ জন ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের বিষয়ে বাংলাদেশের উত্তরের অপেক্ষায় রয়েছে দিল্লি। দুই দেশই দ্রুত পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর দিকে এগোচ্ছে।
এসএন/