ন্যানো টেকনোলজি দ্রুত বর্ধনশীল এবং উদ্ভাবনী ক্ষেত্র যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। ন্যানোস্কোপিক স্কেলে (১ থেকে ১০০ ন্যানোমিটার) পদার্থের বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে বিজ্ঞানীরা এমন নতুন উপকরণ, ডিভাইস এবং প্রক্রিয়া তৈরি করতে সক্ষম হয়েছেন যা আগে কল্পনাও করা যায়নি। লিখেছেন আবরার জাহিন।
ন্যানোপ্রযুক্তি বহুমাত্রিক, এর সীমা প্রচলিত অর্ধপরিবাহী পদার্থবিজ্ঞান থেকে শুরু করে অত্যাধুনিক আণবিক স্বয়ং-সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত কিংবা আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ন্যানো পদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত।
বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ১ থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বোঝায়।
১৯৫৯ সালে আমেরিকান বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান তার ‘There’s Plenty of Room at the Bottom’ আলোচনায় প্রথম ন্যানো টেকনোলজির ধারণা বর্ণনা করেছিলেন। যেখানে তিনি পরমাণুর প্রত্যক্ষ ম্যানিপুলেশনের মাধ্যমে সংশ্লেষণের সম্ভাবনা বর্ণনা করেছিলেন। রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।
ন্যানো টেকনোলজি বলতে আসলে কী বোঝায়?
আমরা দৈনন্দিন জীবনে মাইক্রোস্কোপিক জগতের ব্যবহার নিয়ে প্রায়ই আলোচনা করে থাকি। বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাক্টেরিয়া ইত্যাদির আকার বলার জন্য আমরা মাইক্রোস্কোপের কথা বলে থাকি। আবার আমরা সাধারণ ল্যাবোরেটরিতে মাইক্রোস্কোপের ব্যবহারও করে থাকি। কিন্তু এর চেয়েও হাজার গুণ ক্ষুদ্রের কথা চিন্তা করতে হবে। যেতে হবে ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতম পর্যায়ে। মানুষের একটি চুল প্রায় ৬০,০০০ ন্যানোমিটার পুরু হয়। এক ইঞ্চিতে ২৫,৪০০,০০০ ন্যানোমিটার রয়েছে। সংবাদপত্রের একটি পাতা প্রায় ১০০,০০০ ন্যানোমিটার পুরু।
তুলনামূলক স্কেলে, একটি মার্বেল যদি ন্যানোমিটার হয়, তবে পৃথিবীর আকার হবে এক মিটার হবে। ন্যানো আকৃতির কোন কিছু তৈরি করা হলে তাকে সাধারণত ন্যানো-পার্টিকেল বলে। ন্যানো টেকনোলোজি ১০০ ন্যানো মিটারের ছোট কাঠামো নিয়ে কাজ করে। ন্যানো টেকনোলজির জগতকে বলা হয় ন্যানোস্কোপিক জগৎ।
বর্তমান ব্যবহার
ন্যানো টেকনোলজি ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ন্যানো-কার্বন কণা স্মার্টফোনের স্ক্রিনে টাচ-সেনসিং প্রযুক্তি তৈরি করতে ব্যবহৃত হয়। ন্যানো সিলিকন কম্পিউটার চিপগুলোকে আরও ক্ষুদ্র এবং শক্তিশালী করে তোলে এবং ন্যানো-কাচ সূর্যালোককে আরও কার্যকরভাবে শোষণ করতে সাহায্য করে।

ভবিষ্যৎ সম্ভাবনা
ন্যানো টেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা অসীম। বিজ্ঞানীরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে এমন নতুন উপকরণ এবং ডিভাইস তৈরির চেষ্টা করছেন। যা আরও শক্তিশালী, টেকসই, কার্যকর ও সুরক্ষিত হবে। ন্যানো টেকনোলজি ব্যবহার করে নতুন ওষুধ, থেরাপি এবং সার্জারির পদ্ধতি তৈরি করা সম্ভব হবে। আরও দ্রুত এবং নির্ভুলভাবে রোগ নির্ণয় করা যাবে ন্যানো-ডায়াগনস্টিকস ব্যবহার করে। ন্যানো-থেরাপি ব্যবহার করে ক্যানসার এবং অন্যান্য রোগের চিকিৎসা করা যাবে। অস্ত্রোপচারের ক্ষতগুলোকে আরও দ্রুত এবং কার্যকরভাবে নিরাময় করতে ন্যানো-সার্জারি ব্যবহার, নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। ন্যানো টেকনোলজি ব্যবহার করে দূষণ কমানো এবং পরিবেশ রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখা সম্ভব হবে। ন্যানো-ফুয়েল সেল ব্যবহার করে পরিবহন থেকে নির্গত দূষণ কমানো যাবে। ন্যানো-সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ভবনগুলোকে শক্তিশালী এবং টেকসই ভাবে নির্মান করা সম্ভব হবে।
ন্যানো টেকনোলজি উৎপাদন প্রক্রিয়াগুলোকে আরও দক্ষ এবং টেকসই করা সম্ভব হবে। ন্যানো-প্রক্রিয়াকরণ ব্যবহার করে পণ্যগুলোকে দ্রুত ও সস্তায় তৈরি করা সম্ভব। শক্তপোক্ত ও টেকসই মানের পণ্য উৎপাদনে ন্যানো-সামগ্রীর ব্যবহার বিপ্লব ঘটাত পারে।
চ্যালেঞ্জ
ন্যানো টেকনোলজির অনেক সম্ভাবনা থাকলেও কিছু চ্যালেঞ্জও আছে। ন্যানো-পদার্থগুলোর সম্ভাব্য স্বাস্থ্য এবং পরিবেশগত ঝুঁকিগুলো এখনো ভালোভাবে বোঝা যায় না। এ ছাড়া ন্যানো টেকনোলজির বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াটি ধীর এবং ব্যয়বহুল হয়ে থাকে। ন্যানো টেকনোলজি একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। তবে ন্যানো টেকনোলজির সম্ভাব্য ঝুঁকিগুলো বোঝা এবং এগুলো মোকাবিলা করার জন্য পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।
জাহ্নবী