দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আধ্যাত্মিক সাধকরা, যাদের শামান বলা হয়- তারা এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুতর অসুস্থতা এবং ভেনেজুয়েলার শাসনব্যবস্থার পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এর মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরাজয় হয়েছে। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের কী হয়।
পেরুতে জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ আদিবাসী। আন্দিজ পর্বতমালাভিত্তিক প্রাচীন ইনকা সভ্যতা থেকে উৎসারিত প্রকৃতি-পূজা ও শামানবাদী ঐতিহ্য আজও সেখানে টিকে রয়েছে। সেখানে প্রতিবছর বছরের শেষে সমবেত শামানিক আচার অনুষ্ঠিত হয়।
রয়টার্স, এপি ও অন্যান্য সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর প্রায় ১০ জন শামান পেরুর রাজধানী লিমার কাছে একটি সৈকতে জড়ো হন। তারা ঐতিহ্যবাহী পনচো পরিধান করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরসহ বিভিন্ন বিশ্বনেতার ছবি হাতে নিয়ে আচার শুরু করেন। তারা ছবিগুলোর ওপর তলোয়ার ক্রস করে ধরেন, ধূপ জ্বালান এবং বৃত্তাকারে দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্ণয় করেন।
শামানদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এ বছর ডোনাল্ড ট্রাম্প গুরুতর অসুস্থতায় ভুগবেন, তাই যুক্তরাষ্ট্রের প্রস্তুত থাকা উচিত।
তারা আরও বিশ্বাস করেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসান ঘটবে।
পাশাপাশি তারা ভবিষ্যদ্বাণী করেছেন যে ভেনেজুয়েলার স্বৈরশাসক নিকোলাস মাদুরো নির্বাসনে যাবেন। জুয়ান ডি ডিওস গার্সিয়া নামে এক শামান বলেছেন, ‘আমরা নিকোলাস মাদুরোকে পরাজিত দেখতে পাচ্ছি। নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা থেকে পালিয়ে যাবেন। তাকে বন্দী করা হবে না।’ কিন্তু দেখা যায়, যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে নিয়ে যায়।
তাছাড়া, পেরুর সাবেক স্বৈরশাসক আলবার্তো ফুজিমোরির কন্যা কেইকো ফুজিমোরি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন বলেও ভবিষ্যদ্বাণী করেন।
পেরুর শামানদের বিশ্বাস, ‘ওয়াচুমা’ নামের একটি স্তম্ভাকৃতির ক্যাকটাস দিয়ে তৈরি পানীয় পান করলে তারা দেবতাদের ইচ্ছা বুঝতে পারেন। এই ক্যাকটাসে থাকা মেসকালিন উপাদান হ্যালুসিনেশন সৃষ্টি করে, যার মাধ্যমে তারা ‘ভিস্তা’ বা অন্তর্দৃষ্টি লাভ করেন। দক্ষিণ কোরিয়ায় মেসকালিনকে মাদক হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন আদিবাসী সমাজে শামানদের সামাজিক কর্তৃত্ব এতটাই শক্তিশালী ছিল যে অনেক ক্ষেত্রে তারা শাসক শ্রেণির ভূমিকাও পালন করতেন। বর্তমানে পেরুর ৮০ শতাংশের বেশি মানুষ খ্রিস্টান, এবং আদিবাসী আচার-অনুষ্ঠানগুলো সীমিত সংখ্যক শামানের মধ্যেই সংরক্ষিত রয়েছে। পেরু সরকার ২০২২ সালে ওয়াচুমা আচারকে জাতীয় অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
২০২৩ সালে শামানরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি ‘১২ মাসের মধ্যে মারা যাবেন’, এবং পরবর্তী বছরের সেপ্টেম্বরে তার মৃত্যু হয়।
তবে গত বছরের শেষ দিকে তাদের করা ভবিষ্যদ্বাণী- ‘গাজা উপত্যকায় পারমাণবিক যুদ্ধ শুরু হবে’-বাস্তবে রূপ নেয়নি।
একইভাবে, ২০২২ সালের শেষদিকে তারা ভুলভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পরের বছরের আগস্টের মধ্যে রাশিয়া ও ইউক্রেন শান্তিচুক্তি স্বাক্ষর করবে। শামানদের ভবিষ্যদ্বাণীতে প্রায়ই মতভেদ দেখা যায়।
অমিয়/