ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জরুরি বিভাগে নিজেই চিকিৎসা দিলেন এক রোগীকে।
শনিবার (১৩ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে বিকাল ৪টায় আসেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এ সময় জরুরি বিভাগে একজন শিশু চিকিৎসা নিতে আসলে তিনি নিজেই হাতে গ্লাবস পরে সেই শিশু রোগীকে চিকিৎসা দেন।
এ সময় ঠাকুরগাঁও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীরদের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা কী প্রশ্ন করবেন সেটা আমি জানি। এ প্রথম আমি এই হাসপাতাল পরিদর্শন করলাম। আমি তো এর আগে এই হাসপাতালে আসিনি। আমি স্বচক্ষে এই দৃশ্য দেখে গেলাম। আমি নিজেও একজন ডাক্তার। বিভিন্ন হাসপাতালের এসব দৃশ্য আমি এর আগেও দেখেছি। বার্ন ইউনিটেও চিকিৎসার এই দৃশ্য আমি দেখেছি। আমি কথা কম কাজ বেশি করতে পছন্দ করি। আমি দেখে গেলাম যত দ্রুত সম্ভব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য যা যা পদক্ষেপ আমি করব। মেডিকেল কলেজ করার ব্যাপারে আমরা আলোচনা করব। আমি সবকিছু নিয়েই কাজ করছি। আমি ডাক্তারদের সুরক্ষা দিবো রোগীদেরও সুরক্ষা দিবো।
এসময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাও নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবীন হাসান/এমএ/