রাষ্ট্র পুনর্গঠনের কাজে দলগুলোর পাশাপাশি জনগণকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় সংসদ এলাকার এলডি হলে বৈঠকে তিনি এসব কথা বলেন।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে আলোচনায় দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
আলী রীয়াজ বলেন, রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়। রাজনৈতিক দলগুলো তার নেতৃত্বে আছেন, সিভিল সোসাইটি তার অংশ হিসেবে আছেন, অগ্রণী ভূমিকায় আছেন নাগরিকরা আছেন।
তিনি বলেন, আমরা আশা করি প্রত্যেকটি রাজনৈতিক দল তার অবস্থানে থেকে জনগণের কাছে যাবেন। কিন্তু কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমরা অগ্রসর হতে পারি, সে বিষয়ে বিশেষভাবে মনোযোগ দেবেন। এ দায়িত্ব কেবল জাতীয় ঐকমত্য কমিশনের নয়, কমিশন কেবল সহযোগীর ভূমিকা পালন করছে। দেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটিয়ে, দেশের রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে।
ঐকমত্যের বিষয়টি জাতীয় সনদের প্রতিফলনের চেষ্টা করা হচ্ছে জানিয়ে আলী রীয়াজ বলেন, যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে। মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা, ধারণ করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষার পূরণ ঘটেছে, তার সুনির্দিষ্ট রূপ দেওয়া। সেই লক্ষ্যে এ পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।
তিনি আরও বলেন, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, পাশাপাশি ভিন্নমত আছে। সেটা অস্বাভাবিক নয়। প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র গঠন ও পুনর্গঠনের ক্ষেত্রে তাদের অবস্থানে থাকবেন, আদর্শে থাকবেন, পরিকল্পনার কথা বলবেন। পাশাপাশি আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্যের।
এলিস/মেহেদী/