অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রবিবার (২৫ মে) বিকেলে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতির সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, প্রধান বিচারপতি বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি প্রধান উপদেষ্টার দপ্তর ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত ১৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল দক্ষিণ আফ্রিকা সফরে যান।
এর আগে গত ১০ মে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার। এটা ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো।
সেদিন তিনি আরও বলেছিলেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে অভিজ্ঞতা নিতে ও বিস্তারিত জানতে একটি প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকা যাবে। এই প্রতিনিধিদলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ থাকবেন।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের বিভাজন দূর করে সংহতি ফিরিয়ে আনতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিল। সত্য উদ্ঘাটন, বিচার ও সমন্বয়-সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে দেশটিতে ওই কমিশন গঠন করা হয়েছিল।