রমজানের প্রস্তুতি মানে শুধু ইবাদতের সংখ্যা বাড়ানো নয়, বরং জীবনটাকেই রমজানি করে তোলা। রমজান মুসলিম উম্মাহর জন্য আল্লাহতায়ালার এক বিশেষ নিয়ামত। এই মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। রমজানের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো ঈমানি ও মানসিক প্রস্তুতি। এই মাসকে শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার সময় হিসেবে নয়; বরং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। নিয়তকে বিশুদ্ধ করা এবং রমজানে নিজেকে বদলে ফেলার দৃঢ় সংকল্প নেওয়াই এই প্রস্তুতির মূল।
আরেকটি প্রস্তুতি হলো ইবাদতের প্রস্তুতি। হঠাৎ করে দীর্ঘ সময় নামাজ, তারাবি ও কোরআন তিলাওয়াত অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তাই রমজানের আগেই পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত হওয়া, নফল নামাজ ও জিকিরের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
এছাড়া পারিবারিক ও সামাজিক প্রস্তুতি গ্রহণ করা উচিত। পরিবারকে রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুত করা, সন্তানদের রোজা ও নামাজের প্রতি উৎসাহ দেওয়া এবং দরিদ্র-অসহায়দের জন্য দান-সদকার পরিকল্পনা করা রমজানের সৌন্দর্য বাড়ায়।
আরও যেসব প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেগুলো হলো—
সময় ব্যবস্থাপনার প্রস্তুতি: রমজানে সময় খুব দ্রুত চলে যায়। তাই আগে থেকেই ঠিক করা দরকার—ঘুমের সময় কখন হবে, কাজ ও ইবাদতের ভারসাম্য কীভাবে থাকবে, অপ্রয়োজনীয় আড্ডা, সোশ্যাল মিডিয়া ও স্ক্রিন টাইম কীভাবে কমানো হবে এবং আগে থেকেই একটি রুটিন তৈরি করলে রমজান এলোমেলো হয় না।
দোয়া ও লক্ষ্য নির্ধারণের প্রস্তুতি: রমজানের জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা উচিত—কতবার কোরআন খতম করব, কোন কোন গুনাহ ছাড়ব, কোন কোন আমল ধরে রাখব এবং সঙ্গে সঙ্গে একটি ব্যক্তিগত দোয়ার তালিকা তৈরি করা খুব উপকারী। রমজানের দোয়াগুলো তখন আর এলোমেলো থাকে না।
জ্ঞান অর্জনের প্রস্তুতি: রমজান শুধু আমলের মাস নয়, শেখার মাসও। রোজার মাসআলা-মাসায়েল আগে থেকেই জেনে নেওয়া, সহিহ দোয়া, জিকির, লাইলাতুল কদরের আমল সম্পর্কে পড়াশোনা করা ও ভুল আমল থেকে বাঁচতে এই প্রস্তুতি খুব জরুরি।
শরীর ও স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রস্তুতি: শরীর সুস্থ না থাকলে ইবাদতে মন বসে না। তাই খাবারের অভ্যাস ধীরে ধীরে ঠিক করা, চা-কফি বা অতিরিক্ত আসক্তি কমানো, হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করা, এগুলো রমজানে ক্লান্তি কমাতে সাহায্য করে।
আর্থিক পরিকল্পনার প্রস্তুতি: রমজানে খরচ বেড়ে যায়—কিন্তু ইবাদতের খরচ যেন কমে না। জাকাত-সদকার হিসাব আগেই করা, অপচয় কমিয়ে দান বাড়ানোর পরিকল্পনা করা, ইফতারকে বিলাসিতা নয়, ইবাদতের সহায়ক হিসেবে দেখা। এটাই রমজানের প্রকৃত শিক্ষা।
সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের প্রস্তুতি: রমজান মানে চোখ ও কানও রোজা রাখবে। অশালীন বা অর্থহীন কনটেন্ট বাদ দেওয়ার সিদ্ধান্ত, উপকারী বই, ইসলামিক লেকচার বা তিলাওয়াতের লিস্ট বানানো এবং রমজান শুরু হলে তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়।
রমজান-পরবর্তী ধারাবাহিকতার প্রস্তুতি: অনেকেই রমজানে ভালো হয়ে যান, কিন্তু ঈদের পর সব শেষ। তাই আগেই ভাবা দরকার—কোন আমলগুলো রমজানের পরও চালু রাখব, কোন বদভ্যাসগুলো চিরতরে ছাড়ব, এটাই রমজানের সবচেয়ে বড় সফলতা।
লেখক: আলেম ও সাংবাদিক