চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা জামায়াত-বিএনপির চলমান কর্মসূচি অবরোধ-হরতালবিরোধী সমাবেশে অনুপস্থিত থাকলে পদ হারাবেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এই হুঁশিয়ারি দেন নেতা-কর্মীদের।
তিনি অক্সিজেন মোড় চত্বরে বায়েজিদ, বহদ্দারহাট মোড় চত্বরে চান্দগাঁও থানা আওয়ামী লীগ, মুরাদপুর মোড় চত্বরে ৮নং শুল্কবহর ও ৪২নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
ওয়ার্ড বা থানা কমিটির শীর্ষ নেতৃবৃন্দকে অনুপস্থিত নেতাদের তালিকা প্রস্তুত করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, হরতাল-অবরোধবিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশ বা মিছিল-মিটিংয়ে ওয়ার্ড, থানা বা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির যেসব নেতা অনুপস্থিত থাকবেন তাদের দ্রুত সময়ের মধ্যে কমিটি থেকে বাদ দেওয়া হবে।
তিনি নেতাদের উদ্দেশে বলেন, দলের পদপদবি ব্যবহার করবেন, দলকে নিজের স্বার্থে ব্যবহার করবেন। আর দলের প্রয়োজনে আপনারা কাজে লাগবেন না- এমনটি হতে দেওয়া যাবে না।
তিনি আরও জানান, বিএনপি-জামায়াতচক্রের চলমান হরতাল-অবরোধের প্রতিবাদে নগরীর বিভিন্ন পয়েন্টে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আওতাধীন ওয়ার্ড, থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সরকার প্রশাসনের পাশাপাশি আমরা নেতা-কর্মীদের নিয়ে জনগণের জানমাল রক্ষায় মাঠে অবস্থান করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই ক্রান্তিলগ্নে দলের পদ-পদবিতে থাকা অনেক নেতাকেই আমরা পাশে পাচ্ছি না। অথচ যারা পদ-পদবিতে নেই সেসব ত্যাগী নেতা-কর্মীই প্রত্যেকটি কর্মসূচি মিছিল-মিটিংয়ে সরব উপস্থিতি হয়েছেন। দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যারা থাকেন না, তাদের দলে রেখে তো লাভ নেই। প্রত্যেকটি ওয়ার্ড বা থানা কমিটির শীর্ষ নেতাদের এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কর্মসূচিতে অনুপস্থিত নেতা-কর্মীদের তালিকা করে আমাদের কাছে জমা দেওয়ার জন্য।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক সাংসদ নোমান আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, বখতেয়ার উদ্দিন খান, আহমেদুর রহমান সিদ্দিকি, আবদুল নবী লেদু, আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, আবদুর রহিম, আবু তাহের, সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান, কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, রফিউল হায়দার রফি, নুরুল আবছার, এসএম খালেদ বাবলু, শাকিল আহমেদ, জামাল উদ্দিন, আবদুর শুক্কুর ফারুকী, মাহবুব আলম কোম্পানি, ইলিয়াছ সরকার, কাজী আবদুল মালেক, মঈন উদ্দিন মঈন, শামসুল আলম, মো. এয়াকুব, মো সেলিম, আবদুল মান্নান ফেরদৌস, প্রকৌশলী এএম মহিউদ্দিন অধ্যাপক এম রেজাউল করিম, প্রিয়লাল গোস্বামী, আতিকুর রহমান আতিক প্রমুখ।
ইফতেখারুল/জোবাইদা/