চাঁদপুরে মা ইলিশ রক্ষার ২২ দিনের অভিযানে পদ্মা-মেঘনা নদী থেকে জব্দ ৪৭টি নৌকা উন্মুক্ত নিলামে ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা বিক্রি হয়েছে। এ সময় জব্দ একটি সুতার জাল বিক্রি হয় ৩ হাজার ৪২৬ টাকা।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত কমিটি।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, সদস্যসচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলাম, নিগার সুলতানা ও চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান উপস্থিত থেকে নিলাম কার্যক্রম সম্পন্ন করেন।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জব্দ নৌকাগুলো বিক্রির জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান ৬ নভেম্বর কমিটি করে অফিস আদেশ দেন। ওই আদেশে ১৫ নভেম্বর উন্মুক্ত নিলামে নৌকাগুলো বিক্রি করা হয়। ৪২টি নৌকা উন্মুক্ত নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে পর্যায়ক্রমে ভ্যাট আইটি ছাড়া বিক্রি হয় ২০ লাখ ৪৯ হাজার ১০০টাকা। ভ্যাট ও আইটিসহ যার মূল্য দাঁড়ায় ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে।
এদিকে একই সময়ে হাইমচরে উপজেলা টাস্কফোর্স কর্তৃক জব্দ ১৫টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি হওয়ার কথা থাকলেও তা বিক্রি হয়নি।
হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, অভিযানে জব্দ ১৫টি জেলে নৌকার মধ্যে কিছু নৌকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নৌকার বিষয়ে টাস্কফোর্স কমিটি যে সিদ্ধান্ত নেবে তাই হবে।
শরীফুল/সাদিয়া/অমিয়/