চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বাঁশখালীর পাইরাং এলাকায় শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আব্দুল্লাহ আল মামুন আদিল নামে ৩ বছর বয়সি শিশু পানিতে পড়ে মারা গেছে। নিহত শিশু আবদুল্লাহ মামুন আদিল পাইরাং এলাকার আমির মিয়ার ছেলে।
জানা গেছে, শিশু আবদুল্লাহ আল মামুন আদিল বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখোঁজির পর পার্শ্ববর্তী পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাঁশখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি প্রাণ হারায়।
এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি শাইরা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইবোন হলেন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামার দিঘীর পাড়ের নতুন পাড়ার প্রবাসী মো. পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম (৮) ও পুত্র তানজিমুল ইসলাম রাফি (৭)। তারা দুজনই মায়ের সঙ্গে দুইদিন আগে সুখছড়ি শায়ের পাড়ায় অবস্থিত তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা যায়, নিহত দুই ভাইবোন শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে তাদের মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে মা মনে করেছে তার বাচ্চারা গোসল করে পুকুর থেকে নানার বাড়িতে চলে গেছে। মা গোসল শেষ করে বাড়ি ফিরে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে বাচ্চাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটিকে মৃত ঘোষণা করেন।
মাহফুজ/