নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিনুল মিয়া নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘ দেড় মাস পর শুক্রবার (৩ জুলাই) ভোরে মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। শুক্রবার তাকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদি হয়ে শাহিন মিয়াকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাস ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করেন। গত ১৭ মে রবিবার বিকেলে অটোরিকশাচালক মমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাস স্ট্যান্ডে গেলে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মমিনুল মিয়া তাকে এক দফা টাকা দিয়েছেন বলে জানায় এবং এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়।
পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে লাঠি দিয়ে অটোচালককে মাথায় আঘাত করে। এতে মমিনুল অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২০ মে বুধবার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অটোরিকশাচালক মুমিনুল মারা যাওয়ার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত শাহিন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ দেড় মাস পর শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশাচালক মুমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইমরান/নাঈম