কোনো পুলিশ সদস্য যদি মাদক, জুয়া কিংবা অন্য যেকোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেতাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে যদি কেউ অপরাধের বিষয়ে জানাতে পারে তবে নিশ্চিত থাকেন ব্যবস্থা নেওয়া হবে। এভাবেই অপরাধের বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিলেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাটি আজ বেলা এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। তখন জেলার বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন অপরাধ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।
এ সময় অপরাধ দমনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেন তারা। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক রাশেদুজ্জামান, আবু সাঈদ, ইয়াদুল মুমিন, তোজাম্মেল আযম, ফজলুল হক মন্টু সহ অনেকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, জেলাকে এগিয়ে নিতে ও অপরাধ দমনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে টহল বাড়ানো হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান নবাগত পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়ামিন/নাঈম