কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড ও বিচ কর্মীরা।
নিহত আবির পুরান ঢাকার লালবাগ এলাকার শহীদনগরের বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে। তিনি বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।
রবিবার (৩১ মে) সকালে তারা কক্সবাজারে পৌঁছে একটি গেস্ট হাউসে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সি-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন।
সি-সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, রবিবার (৩১ মে) দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আবির নিখোঁজ হন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত প্রায় ৮টা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘নিখোঁজ পর্যটকের স্বজন ও বন্ধুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছিল। সোমবার (১ জুন) ভোরে নাজিরারটেক উপকূলে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনরা লাইফগার্ড সদস্যদের খবর দেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।’
ওসমান গনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্বজনরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, ‘মরদেহটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
তারেকুর রহমান/অন্তরা