শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণকৃত নতুন পাঠ্যপুস্তক নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সম্মানিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষানুরাগী, সবার সদয় অবগতির জন্য জানাচ্ছি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৪ সালের বইয়ের বস্তুনিষ্ঠ আলোচনা ও গভীর পর্যবেক্ষণে যেসব বিষয় উঠে এসেছে তা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের সময় আমরা শুভানুধ্যায়ীদের প্রতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠ্যপুস্তক সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা অবহিতকরণের সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করেছিলাম।
আপনারা আমাদের সে আহ্বানে তাৎপর্যপূর্ণ-ইতিবাচক মতামত দিয়েছেন। আপনাদের এই তাৎপর্যপূর্ণ মতামত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে আমাদের বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়নপূর্বক সংশোধনীগুলো অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে প্রেরণ করা হবে। যারা আমাদের নানা তথ্য, উপাত্ত, যৌক্তিক বিশ্লেষণ এবং সঠিক উপস্থাপনার মাধ্যমে পাঠ্যপুস্তকের মানোন্নয়নে সহায়তা করছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’