রসালো ফল আম কমবেশি সবারই পছন্দ। পাকা আম বিভিন্নভাবেই খাওয়া হয়। তবে আমের স্বাদে ভিন্নতা আনতে আপনি ভিনদেশি রেসিপি বানাতে পারেন। তেমনি তিনটি রেসিপি।
ম্যাংগো স্টিকি রাইস
উপকরণ
গ্লুটিন রাইস বা বিন্নি চাল- ১ কাপ, আম- ৩টি, চিনি- ৩ টেবিল চামচ, নারিকেলের দুধ- ২ কাপ, লবণ- ১ চা চামচ, কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ, তিল- ২ চা চামচ।
প্রস্তুত প্রণালি
চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এক কাপ চালে এক কাপের একটু বেশি পানি দিয়ে ভাত রান্না করে নিন এবং ভাপে বসিয়ে রাখুন ২০ থেকে ৩০ মিনিট অথবা বাসায় স্টিমার থাকলে স্টিমারে চাল দিয়ে ভাপে সিদ্ধ করে নিন ২৫ থেকে ৩০ মিনিট। নারিকেলের সস তৈরি করার জন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে নারিকেলের দুধ, চিনি, লবণ দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে কর্নফ্লাওয়ার, অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকুন, একটু ঘন হয়ে আসলে সস চুলা থেকে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে ভাত, নারিকেলের সস ও আম সাজিয়ে নিন, ওপরে তিল ছিটিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাংগো স্টিকি রাইস।
ম্যাংগো মিল্ক পুডিং
উপকরণ
আম- ৩টি, চিনি- ৫০ গ্রাম, আগার আগার পাউডার- ১/২ (আধা) টেবিল চামচ, লিকুইড দুধ- ৩০০ গ্রাম, হেভি ক্রিম- ২০০ গ্রাম, চিনি- ১০০ গ্রাম, আগার আগার পাউডার- ৫ গ্রাম, ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি
প্রথমেই আম ছিলে কেটে ব্লেন্ডারে পাল্প করে নিন। চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে আম, চিনি ও হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন, ফুটে উঠলে একটি পাত্রে ঢেলে ঠাণ্ডা হতে দিন। অন্য একটি সস প্যানে লিকুইড দুধ, হেভি ক্রিম, চিনি, আগার আগার পাউডার ও ভ্যানিলা এসেন্স দিয়ে ফুটিয়ে নিন। একটি মোল্ড প্রস্তুত রাখুন এবং মোল্ডে গরম দুধ ঢেলে দিন। দুধ কিছুটা ঠাণ্ডা হলে এর মধ্যে আগে থেকে তৈরি করা আমের পিউরি যেটি জমে যাবে, নাইভ দিয়ে কিউব কিউব করে কেটে নিন এবং দুধের মধ্যে দিয়ে দিন। ঠাণ্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন ৩ থেকে ৪ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করুন। পরিবেশন পাত্রে পরিবেশন করুন মজাদার ম্যাংগো মিল্ক পুডিং।
ম্যাংগো ট্রেস লেচেস কেক
উপকরণ
স্পঞ্জ: ময়দা- ১ কাপ, ডিম- ৪টি, সুগার- হাফ কাপ, বেকিং পাউডার- ১ চা চামচ, বেকিং সোডা- হাফ চা চামচ, ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা।
মিল্ক মিক্সার: লিকুইড দুধ- ২ কাপ, হেভি ক্রিম- ১ কাপ, কনডেন্স মিল্ক- হাফ কাপ, চিনি- ১০০ গ্রাম, আমের পাল্প- হাফ কাপ।
টপিং: হুইপ ক্রিম- ১ কাপ, আইসিং সুগার- ১/৩ (তিন ভাগের এক ভাগ) কাপ, আমের পাল্প- ৩ চা চামচ।
প্রস্তুত প্রণালি
প্রথমে স্পঞ্জ তৈরির জন্য ডিম ও সুগার একটি বোলে নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিন এবং ফোম বানিয়ে নিন। এর মধ্যে সব শুকনা উপকরণ চেলে দিয়ে দিন এবং হালকা হাতে মিশিয়ে নিন। ৯ ইঞ্চি বাই ১৩ ইঞ্চি বেকিং ট্রেতে মিশ্রণটি ঢালুন। ওভেন ১৮০ ডিগ্রিতে প্রি-হিট করে নিন এবং ওভেনে বেকিং ট্রে দিয়ে স্পঞ্জটি বেক করুন ১৫ থেকে ২০ মিনিট। স্পঞ্জ বেক হলে ওভেন থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।
এর পরে পাকা আম কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাল্প করে নিন, একটি প্যানে আম জ্বাল দিয়ে ঘন করে ঠাণ্ডা করে নিন। চুলায় একটি সস প্যান বসিয়ে লিকুইড দুধ, হেভি ক্রিম, কনডেন্স মিল্ক, চিনি ও আমের পাল্প ভালো করে ফুটিয়ে মিল্ক মিক্সার সস বানিয়ে নিন। কেকের টপিংয়ে দেওয়ার জন্য একটি বলে হুইপ ক্রিম ও আই সিং সুগার বিটার দিয়ে বিট করুন। ফোমি হলে বিট করা বন্ধ করুন।
স্পঞ্জ ঠাণ্ডা হলে একটি ডিপ পরিবেশন পাত্রে রাখুন এবং কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিন। আগে থেকে তৈরি করা মিল্ক মিক্সার সস স্পঞ্জে ঢেলে দিন। স্পঞ্জ মিল্ক এবজর্ব করে নেবে। ৩০ মিনিট রেস্টে রাখুন ফ্রিজে। ৩০ মিনিট পরে টপিং-এ আগে থেকে তৈরি করা হুইপ ক্রিম দিয়ে লেয়ার টেনে নিন এবং আমের পাল্প দিয়ে সাজিয়ে নিন এবং আরও ৩০ মিনিট ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করুন সফট, সসি মজাদার ম্যাংগো ট্রেস লেচেস কেক।
/আবরার জাহিন